ডিজিটাল সেবায় বিশ্বজয়ের স্বপ্ন
দেশে বসেই প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী সেবা দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান সুসংহত করার মধ্য দিয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হলো পেওনিয়ার ফোরাম। ফোরামে ৪টি সেশন ও দুইটি প্যানেল আলোচনায় প্রযুক্তি সেবায় রপ্তানী আয় বাড়ানোর দিক-নির্দেশনা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
নিবন্ধন ও নেটওয়ার্কিং শেষে বিকেলে ফোরামের শুরুতে সকলকে স্বাগত জানান পেওনিয়ার ফোরামের শুভেচ্ছা দূত এমারজিনা ইসলাম। এরপর প্রযুক্তি সেবা গ্রহিতাদের অনুগত ভোক্তায় পরিণত করার কৌশল বিষয়ে আলোচনা করেন সিস্টেক ডিজিটাল ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রাশেদুল হাসান।
বৈশ্বিক প্রবৃদ্ধিতে বাংলাদেশে এই খাতের যারা কাজ করছেন অবস্থান ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন পেওনিয়ার বাংলাদেশের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিদ হাসান।
প্যানেল আলোচনায় ভবিষ্যত অনলাইন ব্যবসায়ের উন্নয়নে বাণিজ্য সংগঠনের ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন বেসিস সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান, বাক্য সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদা আব্দুল ওয়াহেদ তমাল।
এরপর ব্যবসায় প্রবৃদ্ধির সর্বোত্তম কৌশল নিয়ে আলোচনা করেন কাটআউটইউজ প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কাওসার আহমেদ নিরব।
ব্যবসায় প্রবৃদ্ধিতে তথ্য বিশ্লেষণের মুন্সিয়ানা তুলে ধরেন ব্রেইন স্টেশন-২৩ প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী রাইসুল কবীর।
ফোরামের দ্বিতীয় সভায় একক ব্যবসায় থেকে করপোরশেনে রূপান্তরের পদ্ধতি এবং এর যৌক্তিকতা নিয়ে আলোচনা করেন ড্রিম ৭১ প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবীর ও জায়েদ করপ প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী আব্দুল্লাহ জায়েদ।